শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্ট্রেন্দেনিং ডিজাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রকল্পের সফল দিক, চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এবং ভবিষ্যতে কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নানাবিধ সংকট ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই জীবিকায়ন, প্রতিবন্ধী শিশুদের
বিদ্যালয়ে গমনের বাধা দূরীকরণ, শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং চিকিৎসা নিশ্চিতকরণ। এছাড়া শ্যামনগরে সুপেয় পানির তীব্র সংকট, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের চরম দুর্দশার চিত্র সভায় উঠে আসে।
আলোচনায় এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি এবং অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
উক্ত কর্মশালায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, রমজাননগর, আটুলিয়া, ভুরুলিয়া ও পৌরসভার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত ‘স্ব-সহায়ক দল’ এবং ‘জয়ীতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৩:১৪ অপরাহ্ণ